আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের এসব হামলার কারণে বিশ্ববাজারে ডিজেলের দাম বাড়ছে বলে দাবি করেছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ অনুরোধ জানান।
ট্রাম্প বলেন, রাশিয়া থেকে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করা হয়। কিন্তু ইউক্রেনের হামলায় দেশটির বিভিন্ন জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈশ্বিক সরবরাহে প্রভাব পড়ছে।
তিনি বলেন, রাশিয়ার ডিজেল বাজারে পৌঁছাতে সমস্যা হওয়ায় দাম বাড়ছে। এ পরিস্থিতি শুধু রাশিয়া বা ইউক্রেনের জন্য নয়; বরং পুরো বিশ্বের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, তিনি জেলেনস্কিকে রাশিয়ার ডিজেল প্ল্যান্ট ও শোধনাগারে হামলা না চালানোর জন্য অনুরোধ করেছেন।
রাশিয়ার জ্বালানি অবকাঠামো ইউক্রেনের হামলার অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে। এসব হামলার উদ্দেশ্য হিসেবে রাশিয়ার জ্বালানি সরবরাহ ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করার কথা বলে আসছে কিয়েভ।
সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি
আইও/