শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮


দেশকে সংকটে ফেলে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দেশকে সংকটে ফেলে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না। রাষ্ট্রের গুরুতর সংকট সমাধান করতে না পারলে সংশ্লিষ্টদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।

তিনি বলেন, নির্বাচনের পর ছয় মাস অতিবাহিত হলেও সরকার কোনো সংকটের কার্যকর উত্তরণ ঘটাতে পারেনি। বরং জনগণকে নতুন নতুন সংকটের মুখোমুখি হতে হচ্ছে। এমন কোনো কাজও সরকার করতে পারেনি, যার মাধ্যমে জনগণ আশ্বস্ত হতে পারে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘জ্বালানি, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, বর্তমানে জ্বালানি সংকটের কারণে শিল্পোৎপাদনে ধস নেমেছে। হাজার হাজার মানুষ বেকার হচ্ছে। বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাস সংকটের কারণে বাসাবাড়িতে রান্না ব্যাহত হচ্ছে, আবার অনেক কারখানার উৎপাদনও বন্ধ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, বেকারত্ব বাড়ার সঙ্গে সঙ্গে চুরি, ছিনতাই, রাহাজানিসহ আইনশৃঙ্খলার অবনতি নগরজীবনকে আতঙ্কিত করে তুলছে। রাষ্ট্রের এমন গুরুতর সমস্যা সমাধানে সরকারের মধ্যে গা-ছাড়া ভাব দেখা যাচ্ছে।

সরকার বিভিন্ন সংকটের জন্য ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধসহ আন্তর্জাতিক পরিস্থিতিকে দায়ী করে দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে আগের সরকারের ওপর দায় চাপিয়ে বর্তমান সরকার দায়িত্ব এড়ানোর প্রবণতা দেখাচ্ছে বলে অভিযোগ করেন।

আইএবি মহাসচিব বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রীরা সাংবাদিকদের সামনে এসে শুধু দুঃখ প্রকাশ করেন। দেশকে সংকটে ফেলে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না। সংকটের সমাধান করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘এত সংকটের মধ্যেও আপনারা ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করেছেন। এর মাধ্যমে দলীয় লোকজনকে দুর্নীতি করার আরেকটি সুযোগ করে দিয়েছেন। সংকট উত্তরণে ছয় মাসেও আপনাদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা দেখতে না পেয়ে আমরা হতাশ হয়েছি।’

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, রাষ্ট্রের সংকট যে কারণেই সৃষ্টি হোক না কেন, তা সমাধান করা সরকারের দায়িত্ব। কোনোভাবেই দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, ‘রাষ্ট্রের সংকট সমাধান হতেই হবে। সমস্যার সমাধান করতে না পারলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পরিবর্তে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিন।’

নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, দেশকে সংকটের মধ্যে ফেলে সরকার কোনো সমাধানের পথ বের করছে না। সবকিছুর জন্য তিন বছর আগের পতিত সরকারের দোহাই দিয়ে নিজেদের দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা পরিত্যাগ করতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জনগণ ফুঁসে উঠলে আপনাদের গদিও কিন্তু ঠিক থাকবে না।’

কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর সহ-সভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইলিয়াস হাসান প্রমুখ।

সমাবেশ শেষে জ্বালানি, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ