আন্তর্জাতিক ডেস্ক
নেপালের কিছু অংশে আকস্মিক হড়পা বানের সময় উত্তাল স্রোতে ভেসে যাওয়া একটি ব্যাংকে লকার ঘিরে নজিরবিহীন লুটপাটের ঘটনা ঘটেছে। ভেসে যাওয়া ব্যাংকের লকার ভেঙে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দেশটির পুলিশ ইতোমধ্যে অন্তত ২৯ জনকে আটক করেছে।
দেশটির সংবাদমাধ্যম বলছে, নেপালের বাগমাটি প্রদেশের রসুয়া জেলায় ভোটেকোশি এলাকায় ওই বন্যায় ব্যাংকের লকারটি ভেসে যায় এবং পরে ধাদিং জেলার গালছি গ্রামসেবা পরিষদ-৪ এর বেলখুখোলার কাছে ত্রিশূলি নদীর তীরে সেটি পাওয়া যায়।
ধাদিং পুলিশ বলেছে, স্থানীয় বাসিন্দারা লকারটি ভেঙে ভেতরের নগদ টাকা বের করে নিয়েছেন বলে খবর পায় পুলিশ। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি দল মোতায়েন ও এই ঘটনায় তদন্ত শুরু করা হয়।
প্রাথমিক তল্লাশি চলাকালীন ব্যাংকের লকার লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে ২৯ জনকে আটক এবং তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিদের বেশির ভাগই গালছি-৪ এলাকার বাসিন্দা। কয়েকজন গালছি-৬-এর আদমঘাট ও সিদ্দহালেক-৭-এর আদমতারের বাসিন্দা। বাকিরা চিতওয়ান ও পার্সার বাসিন্দা হলেও বর্তমানে ধাদিংয়ে বসবাস করছেন। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।
উদ্ধার করা নগদ টাকার উৎস অনুসন্ধান এবং এই ঘটনায় আরও কোনও সন্দেহভাজন জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
আরেক মর্মান্তিক ঘটনায় নারায়ণী নদীর ভাটি অঞ্চলে ভেসে আসা এক বন্যাদুর্গত ব্যক্তির লাশ থেকে সোনার কানের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিওতে দেখা যায়, বন্যায় ভেসে আসা এক নারীর মৃতদেহ থেকে সোনার কানের দুল বলে মনে করে অলংকার খুলে নিচ্ছেন ওই ব্যক্তিরা।
শনিবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভয়াবহ বন্যার পরিসংখ্যানে বড় ধরনের সংশোধনী এনে বলেছে, প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, এই বন্যায় নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জন। দেশটির কিছু অংশের ওপর দিয়ে এই বন্যা বয়ে যাওয়ার তিন দিন পর সংশোধিত ওই তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়া নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি
আইও/