শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


বিশেষ ইলমি মাহফিলে মিসরের ধর্মমন্ত্রীসহ শীর্ষ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

মিসরের ঐতিহাসিক সাইয়্যিদনা ইমাম হুসাইন (রা.) মসজিদে পবিত্র হাদিসগ্রন্থ সহিহ বুখারি এবং ইমাম আবু ঈসা তিরমিজি (রহ.)-এর আশ-শামায়েলুল মুহাম্মাদিয়্যাহ-এর পাঠ ও খতম উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) বিশেষ এক ইলমি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসরের আওকাফমন্ত্রী অধ্যাপক ড. উসামা আল-আজহারি, আল-আজহারের শীর্ষ আলেম, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা, নাকাবাতুস সাদাতিল আশরাফের নেতৃবৃন্দ, সুফি তরিকার শায়খ ও বিভিন্ন দেশের আলেম, দাঈ, ক্বারি ও মুনশিদরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদ সিদ্দিক হাসান, আশরাফদের প্রধান শরিফ সাইয়্যিদ মাহমুদ শরিফ, সুফি তরিকার প্রধান শায়খ ড. আবদুল হাদি আল-কাসবি, আল-আজহার ইনস্টিটিউট সেক্টরের প্রধান অধ্যাপক ড. আহমদ খলিফা শারকাওয়ি, আল-আজহারের গ্র্যান্ড ইমামের প্রতিনিধি হিসেবে; পাশাপাশি আল-আজহারের গ্র্যান্ড ইমামের উপদেষ্টা ও শীর্ষ আলেমদের অনেকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া মিসরের সংসদের ধর্মবিষয়ক কমিটির চেয়ারম্যান ড. আমর আল-ওয়ারদানি, রাশিয়ার গ্র্যান্ড মুফতি ও দেশটির মুসলিমদের ধর্মীয় প্রশাসনের প্রধান শায়খুল ইসলাম তালআত সাফা তাজুদ্দিন, মিসরের সুপ্রিম কাউন্সিল অব সুফি অর্ডারের কর্মকর্তারা, দারুল ইফতার ফতোয়া বিভাগের আলেম এবং আল-আজহার ও মিসরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মিসরের সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্সের মহাসচিব অধ্যাপক ড. আহমদ নাবাওয়ি। এরপর দারুল ইফতার ফতোয়া বিভাগের আমিন ড. মুহাম্মদ ওয়াসাম পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করেন।

অনুষ্ঠানে মিসরের আওকাফমন্ত্রী অধ্যাপক ড. উসামা আল-আজহারি বলেন, সহিহ বুখারি ও ‘শামায়েলে মুহাম্মাদিয়্যাহ’ হাদিস ও নবীজির জীবন-চরিত্রের গুরুত্বপূর্ণ দুটি গ্রন্থ। এসব গ্রন্থে রাসুলুল্লাহ (সা.)-এর বাণী, হেদায়াত, চরিত্র, আচার-আচরণ ও শামায়েলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংকলিত হয়েছে।

তিনি বলেন, দুই গ্রন্থের পাঠ ও ব্যাখ্যার কার্যক্রম কয়েক বছর ধরে বিভিন্ন আলেমের তত্ত্বাবধানে চলেছে। একাধিক আজহারি আলেম পর্যায়ক্রমে এসব ইলমি মজলিসে অংশ নিয়েছেন। শেষ পর্যন্ত সহিহ বুখারির পাঠ সম্পন্ন হওয়ার পর রবি‘উল আউয়াল মাসের শুরুতে ইমাম তিরমিজি (রহ.)-এর ‘শামায়েলুল মুহাম্মাদিয়্যাহ’ পাঠ শুরু হয়।

মন্ত্রী বলেন, উপস্থিত আলেমদের মাধ্যমে সনদসহ হাদিস পাঠ, নবীজির বাণীর মর্ম অনুধাবন এবং তাঁর চরিত্র ও আদর্শ নিয়ে আলোচনা অব্যাহত ছিল। অবশেষে দুই গ্রন্থের খতমের জন্য বিশেষ এ সমাপনী মজলিসের আয়োজন করা হয়।

তিনি বলেন, ইমাম হুসাইন (রা.)-এর মসজিদের মতো ঐতিহাসিক স্থানে দুইটি গুরুত্বপূর্ণ গ্রন্থের খতম এবং একই সঙ্গে মহানবী (সা.)-এর জন্মবার্ষিকীর আয়োজনের সঙ্গে তা যুক্ত হওয়া বিশেষ সৌভাগ্যের বিষয়।

অনুষ্ঠানে রাশিয়ার গ্র্যান্ড মুফতি ও রাশিয়ার মুসলিমদের ধর্মীয় প্রশাসনের প্রধান শায়খুল ইসলাম তালআত সাফা তাজুদ্দিনের উপস্থিতিকে বিশেষভাবে স্বাগত জানান আওকাফমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, শায়খ তালআত সাফা তাজুদ্দিন আল-আজহার শরিফের সাবেক শিক্ষার্থী। মিসরে এ অনুষ্ঠানে যোগ দিতে তাঁর ফিরে আসাকে নিজের প্রথম শিক্ষাঙ্গন আল-আজহার ও মিসরের মাটিতে প্রত্যাবর্তন হিসেবে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া কেনিয়া শাখার ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল-আজহার গ্র্যাজুয়েটসের মহাসচিব ড. ফয়সাল আল-আমুদিকেও স্বাগত জানান মন্ত্রী। তিনি বলেন, মিসর ও আল-আজহার বিশ্বের বিভিন্ন প্রান্তের আলেম ও তালিবে ইলমদের জন্য সবসময় তাদের দ্বার উন্মুক্ত রেখেছে।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, হাদিস পাঠ ও নবীজি (সা.)-এর জীবন-চরিত্রের আলোচনা ছাড়াও বিভিন্ন পর্যায়ের আলেম, ক্বারি ও মুনশিদরা অংশ নেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ