বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮


মক্কায় ভারী বৃষ্টির শঙ্কা, রেড অ্যালার্ট জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। বুধবার (২৬ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্সের সতর্কবার্তায় বলা হয়েছে, মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় আবহাওয়া পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা, জলাবদ্ধতা ও অন্যান্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জলাবদ্ধ ও প্লাবিত এলাকা, উপত্যকা এবং বাঁধের আশপাশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিকূল আবহাওয়ার সময় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সরকারি বিভাগের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের সতর্কতা ব্যবস্থায় ‘রেড অ্যালার্ট’ সর্বোচ্চ সতর্কতা স্তর। চরম আবহাওয়া ও প্রাণহানিসহ বড় ধরনের ঝুঁকির আশঙ্কা থাকলে এ সতর্কতা জারি করা হয়।

গত কয়েক দিন ধরে মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করছে এবং বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও বজ্রপাতের পাশাপাশি আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল। কর্তৃপক্ষের পক্ষ থেকে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ