আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের রাজনীতিতে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে জোটের প্রস্তাব দিয়েছে সমাজবাদী পার্টি (এসপি)। তবে এ প্রস্তাবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্তও জুড়ে দিয়েছে দলটি।
সমাজবাদী পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ ভার্মা বলেছেন, বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে এআইএমআইএমের সঙ্গে জোট করতে তাদের দল প্রস্তুত। তবে সেক্ষেত্রে উত্তর প্রদেশে বিধানসভা ও লোকসভা নির্বাচনে এআইএমআইএমকে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে।
আশুতোষ ভার্মার ভাষ্য, যদি আসাদউদ্দিন ওয়াইসি সত্যিই বিজেপিকে হারাতে চান, তাহলে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া (INDIA)-র সঙ্গে থেকে ভোট বিভক্তি এড়াতে হবে। সে জন্য উত্তর প্রদেশে আলাদাভাবে নির্বাচনে অংশ না নেওয়াই হবে কার্যকর পদক্ষেপ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তর প্রদেশে মুসলিম ভোটের বিভাজন ঠেকানোর লক্ষ্যেই সমাজবাদী পার্টি এ প্রস্তাব দিয়েছে। এখন দেখার বিষয়, আসাদউদ্দিন ওয়াইসি এই শর্ত মেনে বিরোধী জোটের সঙ্গে সমঝোতার পথে হাঁটেন, নাকি আগের মতোই উত্তর প্রদেশে নিজ দলের প্রার্থী দিয়ে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বজায় রাখেন।
সূত্র: ইউএনএ নিউজ
আইও/