সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮


ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের উত্তর-পূর্ব লখনউয়ের আলিগঞ্জ এলাকার উষা মেহতা মার্গে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২২ জুন) আলিগঞ্জের ওই কোচিং সেন্টারে আগুন লাগার পর ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং ভেতরে আটকে পড়ে এই মর্মান্তিক পরিণতি হয়েছে তাদের। প্রাথমিক অগ্নিকাণ্ডের খবরের পর সময় গড়াতেই এই বিপুল প্রাণহানির তথ্য ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা বেশ কিছু শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে দোতলা থেকে নিচে ঝাঁপ দেন। তিন তলা ওই বিল্ডিংটির প্রথম তলায় কোচিং সেন্টার ছাড়াও নিচে একটি পোষ্য প্রাণীর দোকান এবং অন্যান্য বেশ কিছু দোকানপাট ছিল।

লখনউয়ের আলিগঞ্জ এলাকার উষা মেহতা মার্গের তিনতলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও কয়েকজন ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, ভবনের ভেতরে কিছু শিক্ষার্থী রয়ে গেছে— এমন খবর পাওয়ার পর উদ্ধারকারী দল কক্ষ ধরে ধরে তল্লাশি চালাচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর পাশের একটি ভবনের মাধ্যমে স্ট্রেচার ভেতরে নেওয়া হয়। উদ্ধারকর্মীরা স্ট্রেচার আনা-নেওয়া সহজ করতে দেয়ালে একটি ছিদ্রও তৈরি করেন। কর্মকর্তারা মনে করছেন, এখনও ৪ থেকে ৫ জন ভেতরে আটকা থাকতে পারেন, আর এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লখনউয়ের এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং জানান, উদ্ধারকাজ চলছে ও কর্তৃপক্ষ সব ধরনের সহায়তা দিচ্ছে।

প্রধানমন্ত্রী নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লাখ রুপি করে অনুদান এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতেও নির্দেশ দেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, ‘উদ্ধার অভিযান আর কয়েক মিনিটের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে… আমাদের অগ্রাধিকার হলো সব শিশুদের নিরাপদে উদ্ধার করা। তাদের অধিকাংশকেই ইতোমধ্যে বের করে আনা হয়েছে।’

উদ্ধার তৎপরতার বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, ‘দমকলকর্মীরা ভবনে প্রবেশের জন্য অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন। পাশের একটি বাড়ির দ্বিতীয় তলার দেয়াল ভেঙে তারা প্রবেশ করেন। ঘন ধোঁয়ার কারণে এক্সহস্ট ফ্যান বসানো হয়েছে, এবং কক্ষ ধরে ধরে তল্লাশি চলছে। প্রতিটি কক্ষ এমনকি বাথরুমগুলোও খতিয়ে দেখা হয়েছে।’

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ