শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮


‘নির্বাচনের প্রকৃত ফল প্রকাশ না হলে সংসদে শান্তিতে বসতে দেব না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, দেশের নির্বাচনের প্রকৃত ফলাফল প্রকাশ করতে হবে। অন্যথায় জাতীয় পরিষদে সরকারকে শান্তিতে বসতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৯ জুন) চরসাদ্দায় এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, নির্বাচনে আমাদের সঙ্গে কারচুপি হয়েছে, যার স্বীকারোক্তিও এসেছে। এমন নির্বাচনের ভিত্তিতে গঠিত সরকারের বৈধতা কীভাবে মেনে নেওয়া যায়? প্রকৃত ফলাফল প্রকাশ করতে হবে, নচেৎ সংসদে তাদের স্বস্তিতে থাকতে দেব না।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান বলেন, উপমহাদেশে আলেমদের নেতৃত্বে শাসনব্যবস্থা পরিচালিত হওয়ার সময় সমাজে শান্তি-শৃঙ্খলা বিরাজ করত। পরবর্তীতে আলেমদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর অস্থিরতা ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রদায়িক বিভেদ উসকে দেওয়ার চেষ্টা হলেও তাদের দল তা প্রতিহত করেছে বলেও তিনি দাবি করেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, বিশ্বের সম্পদ ও আঞ্চলিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই বিভিন্ন শক্তি অস্থিরতা সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিধর দেশগুলোর স্বার্থের কারণে এ অঞ্চলে দীর্ঘদিন ধরে অশান্তি বজায় রয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকটে ভুগলেও শাসকগোষ্ঠী বিলাসী জীবনযাপন করছে। রাষ্ট্র পরিচালনায় সুশাসন ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে জেইউআই-এফের রাজনৈতিক পথকে গুরুত্ব দিতে হবে।

দেশটির রাজনীতি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, পাকিস্তানে সংবিধান ও যুক্তির চেয়ে শক্তির রাজনীতিই বেশি প্রভাবশালী। তবে জাতীয় সমস্যাগুলোর সমাধানে সংলাপ ও রাজনৈতিক সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে জেইউআই-এফ প্রধান বলেন, আফগানিস্তানের সঙ্গে বিদ্যমান সমস্যাগুলোরও সমাধান আলোচনার মাধ্যমেই খুঁজে বের করা উচিত। পাশাপাশি ভারত-পাকিস্তান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের বিভিন্ন ইস্যুতেও তিনি সরকারের কিছু পদক্ষেপকে সমর্থনের কথা উল্লেখ করেন।

সূত্র: রোজনামায়ে জং

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ