আওয়ার ইসলাম ডেস্ক:
ভারতের রাজধানী নয়াদিল্লির কেন্দ্রস্থল যন্তর মন্তর ও এর আশপাশের এলাকায় ফেসবুকভিত্তিক যুব সংগঠন 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) এবং পুলিশের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে দুই পক্ষই সংঘাতময় অবস্থানে চলে যায়। এতে ১১৮ জনেরও বেশি পুলিশ সদস্য এবং অন্তত ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।
এ ঘটনায় হামলা, ভাঙচুর ও সহিংসতা সৃষ্টির অভিযোগে রাজপথ থেকে অন্তত ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। সোমবার পুলিশের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (নিট)-র প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলনে রয়েছে ফেসবুকভিত্তিক এই গ্রুপটি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী যন্তর মন্তর থেকে ভারতীয় পার্লামেন্ট অভিমুখে 'সংসদ চলো' পদযাত্রা শুরু করলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ বাধা দিয়ে লাঠিচার্জ করলেও বিক্ষোভকারীরা সংগঠিত হয়ে আবারও যন্তর মন্তরে জড়ো হতে থাকেন। এসময় পুলিশ দ্বিতীয় দফায় বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় সংঘর্ষ।
দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সরকারি সম্পদ ও যানবাহন ভাঙচুর করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এই হামলায় স্পেশাল কমিশনার, জয়েন্ট কমিশনার ও ডেপুটি কমিশনার পদমর্যাদার বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ সাধারণ ও নারী পুলিশ সদস্যরা আহত হয়েছেন। আহত বিক্ষোভকারী ও পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আওয়ার ইসলাম/জেডএম
