দুর্নীতিবিরোধী বিক্ষোভ ও সরকারের দমননীতির বিরুদ্ধে একে একে পদত্যাগ করছেন নেপালের মন্ত্রীরা। মঙ্গলবার কৃষি ও পশুপালনমন্ত্রী রাম নাথ অধিকারী এবং পানি সরবরাহমন্ত্রী প্রদীপ যাদব পদত্যাগপত্র জমা দেন। এর আগে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও পদত্যাগ করেছিলেন।
মন্ত্রী রাম নাথ অধিকারী বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “গণতন্ত্রে প্রশ্ন করা ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো নাগরিকদের মৌলিক অধিকার। কিন্তু তার বদলে আমরা একনায়কতন্ত্রের দিকে যাচ্ছি। দমন-পীড়ন, হত্যা আর শক্তি প্রয়োগের পথ বেছে নেওয়া হয়েছে। যেই প্রজন্ম দেশ গঠনে অংশীদার হওয়ার কথা ছিল, তাদের সঙ্গে যুদ্ধের মতো আচরণ করা হচ্ছে। এর জবাব না খুঁজে আমি ক্ষমতায় থাকতে পারিনি।”
অন্যদিকে, পানি সরবরাহমন্ত্রী প্রদীপ যাদব তার পদত্যাগপত্র জমা দিয়ে জেন-জি প্রজন্মের প্রতি সমর্থন জানান। দ্য কাঠমাণ্ডু পোস্টকে পাঠানো বার্তায় তিনি লেখেন, “প্রিয় তরুণ ভাই-বোনেরা, তোমরাই আমার প্রথম সঙ্গী, তোমরাই আমার শক্তির উৎস। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, শান্ত থাকো এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করো।”