সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭


কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র কাবা শরিফের গিলাফ (কিসওয়া)-এর বর্তমান ক্যালিগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী মুখতার আলম শাকদার। সৌদি আরবে জন্ম নেওয়া এই খ্যাতিমান ক্যালিগ্রাফার দীর্ঘদিন ধরে আরবি হস্তলিপি চর্চা ও গবেষণার মাধ্যমে নিজেকে একজন দক্ষ শিল্পী ও শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

১৪২২ হিজরিতে জেদ্দার ব্যবসায়ী ও ক্যালিগ্রাফার মুহাম্মাদ সালেম বাজনাইদের সঙ্গে মুখতার আলমের পরিচয় হয়। মুখতার আলমের অসাধারণ ক্যালিগ্রাফির কাজ দেখে মুগ্ধ হয়ে তিনি তার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন। পরে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিশেষ পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হন মুখতার আলম।

এরপর ১৪২৩ হিজরির জমাদিউল আউয়াল মাসে (জুলাই ২০০২) তিনি কাবা শরিফের কিসওয়া তৈরির কারখানায় ক্যালিগ্রাফার হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি কিসওয়ার ক্যালিগ্রাফি পদ্ধতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেন। বিশেষায়িত কম্পিউটারভিত্তিক ইলেকট্রনিক ক্যালিগ্রাফি প্রোগ্রাম চালুর মাধ্যমে তিনি লেখার নিখুঁততা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

যদিও তিনি কাজের ধরনে আধুনিকতা ও নতুনত্ব এনেছেন, তবে কিসওয়ার মূল নকশা থেকে বিচ্যুত হননি। কিসওয়ার বর্তমান নকশার ভিত্তি হিসেবে রয়েছে বিখ্যাত ক্যালিগ্রাফার শাইখ আবদুর রহিম আমিন বুখারির তৈরি সুলুস লিপির নকশা। মুখতার আলম সেই ঐতিহ্য বজায় রেখে অক্ষরের আকার ও প্রস্থ বৃদ্ধি, বৃত্ত ও আয়তাকার নকশার অনুপাতের পরিমার্জন এবং কাবার দরজার পর্দা ও এর চারপাশের অলংকরণে আরও সূক্ষ্ম সৌন্দর্য যোগ করেন।

বাংলাদেশি বংশোদ্ভূত একজন ক্যালিগ্রাফারের হাতে পবিত্র কাবা শরিফের কিসওয়ার মতো বিশ্বের অন্যতম সম্মানিত ইসলামি নিদর্শনের ক্যালিগ্রাফির দায়িত্ব থাকা মুসলিম বিশ্বের জন্য বিশেষ গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: হারামাইন আর্কাইভ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ