প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলে জানিয়েছেন আইসিটি মন্ত্রী ও টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাপতি ফকির মাহবুব আনাম। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। সরকার জেলা হাসপাতালগুলোকে আরও কার্যকর, পরিচ্ছন্ন ও জনবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফকির মাহবুব আনাম বলেন, জরুরি বিভাগে দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা, রোগীদের সঙ্গে মানবিক আচরণ করা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা—এসব বিষয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। রোগীরা যেন হয়রানির শিকার না হন এবং কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নীতিগত সহায়তা অব্যাহত থাকবে। তবে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা, জবাবদিহিতা ও সমন্বিত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনের লক্ষ্যেই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
হাসপাতাল পরিচালনা কমিটির সহসভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জেলার পাশাপাশি আশপাশের অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাকেন্দ্র। তাই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সরকার জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে কাজ করছে। জনগণ যেন মানসম্মত ও হয়রানিমুক্ত চিকিৎসাসেবা পায়, সেটিই আমাদের সবার অঙ্গীকার।
এ ছাড়াও সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক (পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম-সচিব), পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ ড্যাবের স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আইও/