নিজস্ব প্রতিবেদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক সিলেটের জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব এবং প্রবীণ আলেম মাওলানা আনওয়ারুল হকের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
বুধবার (৮ জুলাই) এক শোকবার্তায় জমিয়ত সভাপতি এই শোক জানান।
শোকবার্তায় তিনি বলেন, মরহুম একজন নিষ্ঠাবান আলেম, আদর্শ ইমাম ও সমাজসেবক ছিলেন। দীর্ঘদিন তিনি দ্বীনের খেদমত, কুরআন-সুন্নাহর দাওয়াত এবং মুসল্লিদের ইমামতি ও খুতবার মাধ্যমে এলাকার ধর্মীয়, সামাজিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে দেশ ও জাতি একজন অভিজ্ঞ আলেমে দ্বীনকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ যেন তাঁর সকল খেদমত কবুল করেন, তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, মুসল্লি ও শুভানুধ্যায়ীদের এ শোক ধৈর্যধারণের তাওফিক দান করেন। আমিন।
উল্লেখ্য,জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘদিনের সাবেক ইমাম ও খতিব, উত্তর মনসুরপুর নিবাসী মাওলানা আনওয়ারুল হক আজ সকাল ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা আজ বিকেল ৫টা ৩০ মিনিটে তাঁর প্রতিষ্ঠিত উত্তর মনসুরপুর (ডেমার গ্রামের দক্ষিণে) মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
আওয়ার ইসলাম/জেডএম
