আওয়ার ইসলাম ডেস্ক: ঐতিহ্যবাহী স্থাপনার জন্য বিখ্যাত ২৫ টি শহরের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের প্রাচীন মসজিদের শহর বাগেরহাট। সম্প্রতি ওয়ার্ল্ড মোনুমেন্টস ফান্ড (ডাব্লিইউএমএফ) এই তালিকা প্রকাশ করেছে। সংস্থাটি প্রতি দুই বছর পরপর এই তালিকা প্রকাশ করে।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ যেসব স্থান জলবায়ু পরিবর্তনের প্রভাব, ভারসাম্যহীন পর্যটন ও কম প্রচারণার কারণে পিছিয়ে পড়ছে, এমন স্থান ও স্থাপনার সংরক্ষণে তহবিল জোগানো ও এ বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করছে ডাব্লিইউএমএফ।
২২৫টিরও বেশি স্থানের তালিকা থেকে যাচাই-বাছাই করে ওয়ার্ল্ড মনুমেন্ট ওয়াচ এবারের তালিকা তৈরি করেছে বলে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে।
পনেরোশ শতকে মুসলিম দাঈ খান জাহান আলীর হাত ধরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে ভৈরব নদীর তীরে বাগেরহাট শহরের গোড়াপত্তন। শহরটির ঐতিহ্যবাহী ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ষাট গম্বুজ মসজিদ, সিংরা মসজিদ, খান জাহান আলীর সমাধিসৌধ, নয় গম্বুজ মসজিদ, জিন্দাপীর মসজিদ, বিবি বেগনি মসজিদ, চুনাখোলা মসজিদ, রনবিজয়পুর মসজিদ। দিল্লীর তুঘলকি স্থাপত্যরীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্থাপনায় সমৃদ্ধ এই শহরের প্রাচীন নাম ছিল খলিফাতাবাদ।
এ বিষয়ে ডাব্লিউএমএফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী বেনেদিক্তে দে মঁৎলাউ বলেন, “এ বছরের ওয়াচে দেখানো হয়েছে যে ঐতিহ্য সংরক্ষণ একইসঙ্গে চলমান বিশ্বের সংকটগুলো মোকাবেলারও উদ্ভাবনী সমাধান দিতে পারে।”
তিনি আরও বলেন, “এসব অনন্য সাংস্কৃতিক গুরুত্ব সমৃদ্ধ স্থানগুলো সংরক্ষণের জন্য স্থানীয় সম্প্রদায়গুলোর পাশে দাড়াতে আমরা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি। এসব স্থান সমাজের বৃহত্তর সংকটগুলোর পাশাপাশি স্থানীয় সম্প্রদায়গুলোর স্বীকৃতির চাহিদা, প্রবেশাধিকার, অংশগ্রহণ ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টির বিষয়গুলোর সমাধানের পথ দেখাতে পারে।”
ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড-এর এ বছরের মনোনয়নের জন্য গবেষণার কাজে নিযুক্ত তরুণ গবেষক ও স্থপতি ইমামুর হোসেন বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশ। গাঙ্গেয় বদ্বীপে অবস্থিত বাগেরহাটের এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন দীর্ঘ সময় বন্যা ও দুর্যোগ মোকাবেলা করে আসছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রতিবছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এই এলাকার সà