আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বব্যাংক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য ঋণ ও অনুদান হিসেবে ৭২৩ মিলিয়ন ডলার অনুমোদন করেছে।
ব্যাংকটি জানিয়েছে, আগামী মাসে আরও তিন বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ নিয়ে কাজ চলছে। এছাড়া ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোর জন্যও অতিরিক্ত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এসব দেশ বর্তমানে ১৭ লাখের বেশি শরণার্থী গ্রহণ করছে, যাদের বেশিরভাগই মহিলা, শিশু ও বয়স্ক।
ইউক্রেনের জন্য আর্থিক প্যাকেজের মধ্যে যুক্তরাজ্য থেকে ১০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি রয়েছে। ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এক বিবৃতিতে বলেছেন, বিশ্বব্যাংক গ্রুপ রাশিয়ার আগ্রাসনের কারণে সৃষ্ট সহিংসতা এবং চরম ব্যাঘাতের মুখে ইউক্রেন এবং এর জনগণকে সহায়তা করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে।
বিশ্বব্যাংক বলছে, এই তহবিলগুলো ইউক্রেনের সরকারকে হাসপাতালের কর্মীদের মজুরি, বয়স্কদের জন্য পেনশন এবং দুর্বলদের জন্য সামাজিক কর্মসূচিসহ গুরুতর পরিষেবা প্রদানে সহায়তা করবে। প্যাকেজের মধ্যে রয়েছে ৩৫০ মিলিয়ন ডলারের ঋণ, যা নেদারল্যান্ডস এবং সুইডেনের গ্যারান্টির মাধ্যমে প্রায় ১১৯ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়নের মধ্যে রয়েছে- ব্রিটেন, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড থেকে ৩১৪ মিলিয়ন ডলার অনুদান। পাশাপাশি জাপান থেকে রয়েছে ১০০ মিলিয়ন ডলার।
গত সপ্তাহে ম্যালপাস বিবিসিকে বলেছিলেন, যুদ্ধটি বিশ্বের জন্য একটি বিপর্যয়, যা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস করবে। ইউক্রেনের যুদ্ধ বিশ্বের জন্য একটি খারাপ সময়ে এসেছে, কারণ মুদ্রাস্ফীতি ইতোমধ্যেই বেড়েছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় নিরপরাধ মানুষের প্রাণহানি।
ফাইটার জেটের জন্য চাপে বাইডেন: মার্কিন আইন প্রণেতারা বাইডেন প্রশাসনকে পোল্যান্ডে যুদ্ধবিমান এফ-১৬ পাঠাতে চাপ দিচ্ছেন, যাতে ওয়ারশ তাদের বিমানগুলো সোভিয়েত প্রযুক্তির বিমান ইউক্রেনে পাঠায়। পোল্যান্ড পূর্ব ইউরোপীয় মিত্রদের একটি দেশ, যেটির হাতে রয়েছে রাশিয়ার তৈরি কিছু যুদ্ধবিমান। এ বিমানগুলো চালনায় ইউক্রেনীয় পাইলটের প্রশিক্ষণ রয়েছে।
তবে ওয়ারশ এখনও কিয়েভে বিমান স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়নি এবং মার্কিন সরকার বলেছে, এটি পোল্যান্ডের সার্বভৌম সিদ্ধান্ত।
লজিস্টিক চ্যালেঞ্জ মানে এই ধরনের স্থানান্তর সহজ হবে না। বিমানের মুখ ঘুরিয়ে দিলেই হয়ে যাবে এমন নয়। কিন্তু বৈদেশিক সম্পর্কের বিষয়ে মার্কিন সিনেটের শীর্ষ আইন প্রণেতা বব মেনেনডেজ তার সরকারকে এফ-১৬ বিমান দিয়ে পোলিশ নৌবহরকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
-এটি