বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ না নেওয়ার নির্দেশ বেফাকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক

বেফাক কর্তৃক পরিচালিত সকল মাদরাসার সম্মানিত মুহতামিম ও সংশ্লিষ্টদের প্রতি এক বিশেষ নির্দেশনা জারি করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। নির্দেশনায় বোর্ড কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ পরীক্ষার্থীদের থেকে আদায় না করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের আর্থিক সামর্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে বেফাক বিগত তিন বছর যাবৎ নিবন্ধন ও পরীক্ষার ফি অপরিবর্তিত রেখেছে। তাই পরীক্ষার্থীদের নিকট থেকে বেফাক কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ পরীক্ষার ফি বাবত আদায় করা যাবে না। গত ১৩ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি, ২৪ অক্টোবর ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত পরীক্ষা নিয়ন্ত্রণ সাব-কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা (১৪৪৮ হিজরি) থেকে কার্যকর হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট মাদরাসার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য: বেফাক কর্তৃক নির্ধারিত ফির পরিমাণ বেফাকের অনলাইন সফটওয়্যারের মাদরাসা প্যানেলে 'প্রয়োজনীয় ডকুমেন্টস' শিরোনামের অধীনে এবং অফিসিয়াল ওয়েবসাইটে (befaqbd.org) পাওয়া যাবে।

আইও/


সম্পর্কিত খবর