দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় দেশের ৬২১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে সরকার। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ও পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী, ভর্তি কার্যক্রম স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠান রয়েছে।
আদেশে বলা হয়েছে, যেসব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সেসব প্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সব ধরনের ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল করা হবে না, সে বিষয়ে যৌক্তিক ব্যাখ্যা আগামী ২২ জুলাইয়ের মধ্যে বোর্ডে জমা দিতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২৪’-এর উপবিধি ৪.২, ৪.৪ এবং ৫.৪ অনুযায়ী শর্ত পূরণে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নীতিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগারসহ পাঠদানের অনুমতির শর্তগুলো পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড কোনো প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে।
বোর্ডের কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীশূন্য প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আইও