মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮


উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান নাঙ্গলকোটের আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নাঙ্গলকোট প্রতিনিধি:

মাইজভাণ্ডারী মতাদর্শের শিল্পী এবং হিয়াজোড়া দরবার শরীফের সাথে যুক্ত ব্যক্তিত্ব গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজোড়ীর কথিত বিতর্কিত ধর্মীয় বক্তব্যে জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং জনমনে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিবাদ জানিয়েছে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠন ও ধর্মীয় অঙ্গনের ওলামায়ে কেরাম। উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এ বিষয়ক স্মারকলিপিও প্রদান করেন তাঁরা।

সোমবার (৯ নভেম্বর) নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে উপজেলার বিভিন্ন কওমি ওলামা সংগঠন, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে হিজবুল্লাহ, জাতীয় ওলামা মাশয়েখ আইম্মা পরিষদ ও মুসলিম ঐক্য পরিষদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

স্মারকলিপি প্রদান শেষে ওলামায়ে কেরামের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা কারও শান্তিপূর্ণ বসবাসের অধিকার হরণ করতে চান না। গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজোড়ীও শান্তিপূর্ণভাবে বসবাস করুন—এটাই তাঁদের প্রত্যাশা। তবে ধর্মীয় বিষয়ে এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি, উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা ইসলামের মৌলিক আকিদা, তাহজিব ও তামাদ্দুনের পরিপন্থী।

ওলামায়ে কেরাম আরও বলেন, তাঁরা কোনো ধরনের অশান্তি, সংঘাত কিংবা বিশৃঙ্খলা চান না। স্মারকলিপি প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও তাঁরা বিষয়টি স্পষ্টভাবে অবহিত করেছেন। তাঁদের দাবি, প্রশাসন যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত তাঁকে জবাবদিহির আওতায় আনে এবং ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে—এমন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

একই বিষয়ে প্রতিবাদ ও উদ্বেগ জানিয়ে যৌথ বিবৃতি দেন উপজেলার খিদমাতুল ইসলাম পরিষদের সভাপতি মাওলানা সাদ উদ্দীন ও পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা তোফায়েল আহমাদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাদ উদ্দীন এবং সেক্রেটারি মুফতী ওমর ফারুক আনোয়ারী।

বিবৃতিতে বলা হয়, কুরআন-হাদীস, নামাজ, রোজা, হজ, জাকাত ও পর্দাসহ ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তাঁর দেওয়া বক্তব্য নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি ও বিতর্ক তৈরি হয়েছে। ধর্মীয় বিষয়ে এ ধরনের বক্তব্যকে তাঁরা অত্যন্ত আপত্তিকর ও অগ্রহণযোগ্য বলে মনে করেন। ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও পরিচয় নিয়ে তাঁদের কোনো বিরোধ নেই; কিন্তু ইসলাম ও মুসলমানদের মৌলিক ধর্মীয় বিশ্বাস নিয়ে বিভ্রান্তিকর, উসকানিমূলক কিংবা আপত্তিকর বক্তব্য দেওয়ার অধিকার কারও নেই।

বিবৃতিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শান্তি-শৃঙ্খলা রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্যের কারণে যেন সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় শান্তি বিনষ্ট না হয়, সে বিষয়ে প্রশাসনকে আগাম কার্যকর পদক্ষেপ নিতে হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা কওমী সংগঠন-এর অন্যতম দুই শীর্ষ ব্যক্তিত্ব ও প্রতিনিধি মাওলানা ইয়াকুব সাহেব ও মুফতি সাজ্জাদ হোসাইন রাহাত। উপজেলার হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর প্রতিনিধি মাওলানা নুরুল আমিন ও মাওলানা মোছলেহ উদ্দিন মোবারকপুরী। খেলাফত মজলিসের প্রতিনিধি মাওলানা খালেদ সাইফুল্লাহ ও মাওলানা রহমতুল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি মাওলানা আব্দুল কাদের ও মাওলানা বেলায়েত। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি হাফেজ শহীদুল্লাহ ও মাওলানা বাকি বিল্লাহ। জমিয়তে হিজবুল্লাহ-এর প্রতিনিধি মাওলানা ওবাইদুল্লাহ সালেহী। জাতীয় ওলামা মাশয়েখ আইম্মা পরিষদ-এর প্রতিনিধি মাওলানা নেছার উদ্দিন। মুসলিম ঐক্য পরিষদ-এর প্রতিনিধি হাফেজ ইয়াকুব, মাওলানা মোহাম্মদ ও মাওলানা আব্দুল্লাহ মোতালেব।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ