সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

কুড়িগ্রামে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নালার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে মোছা. লুশি খাতুন (৯) এবং বড়ভিটা ইউনিয়নের নওদাবাস গ্রামের আনিছুর রহমানের মেয়ে মোছা. আরশী (৮)। তারা উভয়ে রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্যবর্তী এলাকার একটি নালা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে বিকেলে একসঙ্গে খেলতে বের হয় লুশি ও আরশী। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি নালায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত নালায় পড়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, আমরা ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ