সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮


বিভ্রান্তি নিরসনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের বিবৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

হেজবুত তাওহীদকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ। সংগঠনটি বলেছে, আইন নিজের হাতে তুলে নেওয়া বা কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা ও ক্ষতিসাধনমূলক কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না।

রোববার (৫ জুলাই) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গত ২ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের এক আলোচনা সভায় হেজবুত তাওহীদ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে একজন অতিথি আলোচক আইনবহির্ভূত মন্তব্য করেছিলেন। তবে ওই বক্তব্যের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের মহাসচিব তাৎক্ষণিকভাবে ওই বক্তব্যের প্রতিবাদ জানান এবং তা প্রত্যাহার বা বাতিল ঘোষণা করেন। এরপরও একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের দাবি, তাদের দায়িত্বশীল অবস্থানকে উপেক্ষা করে একজন অতিথি বক্তার ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। এমনকি সংগঠনের পক্ষ থেকে প্রকৃত অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যের বিরুদ্ধেও সংঘবদ্ধভাবে রিপোর্ট করে তা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে সংগঠনটি পুনরায় স্পষ্ট করে জানায়, নিজ হাতে আইন তুলে নিয়ে কাউকে হত্যা করা কিংবা কোনো ধরনের ক্ষতিসাধনমূলক ব্যবস্থা গ্রহণকে আমরা সমর্থন করি না।

একই সঙ্গে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলে, ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান-আকিদা রক্ষার স্বার্থে হেজবুত তাওহীদসহ যেসব গোষ্ঠীর বিরুদ্ধে বিভ্রান্তিকর ধর্মীয় কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সাধারণ মানুষের ঈমান-আমল সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

সংগঠনটি আশা প্রকাশ করে, তাদের এই ব্যাখ্যার মাধ্যমে সাম্প্রতিক বিভ্রান্তির অবসান হবে এবং বিষয়টি নিয়ে অপপ্রচার বন্ধ হবে।

/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ