মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮


চাঁদপুরে নিখোঁজের ১০ দিন পর পুকুরে মিলল কৃষকের গলিত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিখোঁজের ১০ দিন পর নাছির উদ্দিন প্রধান (৬৫) ওরফে আলমাছ প্রধানিয়া নামে এক কৃষকের গলিত লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ২৯ জুন) সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর পুরণ গ্রামের প্রধানিয়া বাড়ির পাশের একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক। নাছির উদ্দিন প্রধান ওই গ্রামের ওসমান আলী প্রধানিয়ার ছেলে। শিক্ষিত হলেও কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুন ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন ২০ জুন রাতে তার পরিবারের পক্ষ থেকে মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিহতের ভাতিজা মামুন প্রধানিয়া বলেন, দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তার চাচার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার বিকেলে গ্রামের বিল্লাল হোসেন প্রধানিয়ার ছেলে বাড়ির পাশের পুকুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে কচুরিপানার মধ্যে একটি লুঙ্গি দেখতে পান। পরে কাছে গিয়ে সেখানে নাছির উদ্দিনের গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

কাশিমপুর পুরণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর চন্দ্র বলেন, নাছির উদ্দিন প্রধান বিদ্যালয়ের পরিচালনা কমিটির একাধিকবার সদস্য ছিলেন। তিনি অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন। মঙ্গলবার বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ