রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮


তুরাগ নদী থেকে একাধিক লাশ উদ্ধারের তথ্য গুজব: ডিএমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তুরাগ নদী থেকে একাধিক লাশ উদ্ধার সংক্রান্ত তথ্যকে গুজব বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন নজরুল ইসলাম। তিনি বলেন, ডিএমপির অন্তর্ভুক্ত এলাকার মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি। যারা এ ধরনের গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে আমাদের সংশ্লিষ্ট ইউনিট কাজ করছে।

রোববার (২৮ জন) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সামাজিক যোগাযোগমাধ্যমে তুরাগ নদীতে লাশ উদ্ধার সম্পর্কিত প্রচারিত বিভ্রান্তিকর তথ্য সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তুরাগ নদী থেকে একাধিক লাশ উদ্ধার সংক্রান্ত কিছু তথ্য, ছবি ও ভিডিও ছড়াতে দেখা যাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখেছে। ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক লাশ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

একই সঙ্গে এ বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ, জিডি বা মামলা করা হয়নি। বিষয়টি অনুসন্ধানে পরিচালিত তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও এরই মধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এদিকে মিরপুর ক্রাইম ডিভিশনের পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানা পর্যালোচনা করে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে উক্ত দুই থানার কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে পল্লবী বা রূপনগর থানায় কোনো অভিযোগ তথ্য কিংবা ঘটনার সত্যতা সমর্থনকারী কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যে কোনো তথ্য যাচাই-বাচাই ছাড়া প্রচার করা বা তা শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। কোনো বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান করা হলো।

ডিএমপির কোনো থানায় এমন কোনো ঘটনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে সম্ভবত আমিনবাজার নৌ পুলিশ কর্তৃক একটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তারা যেহেতু দারুসসালাম থানায় একটা মামলা করেছে সেই মামলাটি যেহেতু নৌ পুলিশের অধিক্ষেত্রের ঘটনা এটি, তারা মামলা তদন্ত করছে।

তিনটা লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। একেবারে যে নেই তা না। জেলা পুলিশও ব্রিফিং করছে, তারা কিন্তু দুজনের নাম উল্লেখ করছে। এই যে দুজন উদ্ধার হল আপনি বলছেন যে না কিছুই হচ্ছে না। আসলে মূল ঘটনাটা কি? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি যে, ডিএমপির অধিক্ষেত্রের মধ্যেই আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমার ডিএমপির মধ্যেই এমন কোনো ঘটনা ঘটেনি। যারা এ ধরনের গুজব ছড়াবে তাদের বিষয়ে আমাদের যারা সংশ্লিষ্ট ইউনিট আছে তারা কাজ করছে।’

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ