সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮


‘কওমি শিক্ষার্থীরা জাতীয় উন্নয়নে নবদিগন্ত উন্মোচন করতে পারেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী রাজরকুল আজিজুল উলূম মাদরাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর ২টায় ISEC (Improving Skills and Employment in Cox’s Bazar) ও আজিজুল উলূম মাদরাসার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে “প্রাথমিক স্বাস্থ্যসেবা (লেভেল-২)” এবং “গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং (লেভেল-৩)” কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। তিনি বলেন, কওমি মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাশাপাশি আধুনিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হলে শিক্ষার্থীরা দেশ-বিদেশে দ্বীনি খেদমতের পাশাপাশি আত্মকর্মসংস্থান ও জাতীয় উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

তিনি আরও বলেন, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন আধুনিক দক্ষতায় শিক্ষার্থীদের গড়ে তুললে জাতীয় উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।

মাদরাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বলা হয়, ঈমান-আকিদা, নৈতিকতা ও ইসলামী শিক্ষার বিকাশে কওমী মাদরাসার ঐতিহাসিক ভূমিকা রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আধুনিক দক্ষতায় সমৃদ্ধ করে আত্মনির্ভরশীল ও কর্মদক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মো. সিরাজুল ইসলাম, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরূপ মুহুরী, রাজরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদুল্লাহ সিকদার, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, বিএনপি নেতা আরিফুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার ইসলামী সাহিত্য ও গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন। এতে আরও উপস্থিত ছিলেন উস্তাযুল হাদীস মাওলানা আব্দুল খালেক কাউছার, শিক্ষা পরিচালক মাওলানা শফিউল আলমসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শুভানুধ্যায়ীরা।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ