নিজস্ব প্রতিবেদক—
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
রোববার (২১ জুন) জোহরের নামাজের সময় উপজেলার আন্দারমানিক ইউনিয়নের গোলেরহাট মসজিদে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান।
নিহত নজরুল সরদার (৩৫) আন্দারমানিক গ্রামের বাসিন্দা। তিনি কাঞ্চন সরদারের ছেলে। দুই ছেলে ও এক মেয়ের জনক নজরুল পেশায় সৌদি প্রবাসী ছিলেন। প্রায় দুই মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নজরুল সরদারের সঙ্গে তার বড় ভাই হারুন সরদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। দেশে ফেরার পর ওই বিরোধ আরও তীব্র হয়। ঘটনার সময় নজরুল মসজিদে নামাজ আদায় করছিলেন। এ সময় হারুন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। প্রথমে একটি কোপ দেওয়ার পর তিনি আরও কয়েকবার আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হচ্ছিল। পথে মীরগঞ্জ ফেরি এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি সিদ্দিকুর রহমান বলেন, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। ঘটনার পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
আইও