বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

‘উম্মাহর বহুমাত্রিক প্রয়োজন পূরণে আলেমদের ভূমিকা রাখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন দারুসসালাম থানা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবীকে সভাপতি এবং মাওলানা ফখরুদ্দিন আল হোসাইনীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (১৭ জুন) রাত ৯টায় রাজধানীর জামিয়া ইসলামিয়া ইলমুল ইলাহী মাদরাসা কমপ্লেক্স মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা জমিয়তের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী এবং সঞ্চালনা করেন মাওলানা ফখরুদ্দিন আল হোসাইনী।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জমিয়তের সহ-সভাপতি মুফতি হামেদ জহিরী এবং সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, শাইখুল হিন্দ রহ. এমন একটি বিশ্বের স্বপ্ন দেখেছিলেন, যা সাম্রাজ্যবাদী শক্তির প্রভাবমুক্ত ও স্বাধীন হবে। তিনি স্মরণ করিয়ে দেন, কেবল মাদরাসা ও মসজিদের সেবাকেই দ্বীনের একমাত্র খেদমত মনে করা যথেষ্ট নয়; বরং উম্মাহর বহুমাত্রিক প্রয়োজন পূরণেও আলেম সমাজকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি জমিয়তের ঐতিহাসিক ভূমিকা ও গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, দ্বীন ও মিল্লাতের সেবায় সংগঠনটির অবদান অনস্বীকার্য। সংগঠনের কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে সৎ, দক্ষ ও আদর্শবান হিসেবে গড়ে তোলার পাশাপাশি নীতির প্রশ্নে অটল থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর উত্তর জমিয়তের কাউন্সিল সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ থানা কমিটিগুলো পুনর্গঠন এবং যেসব থানায় এখনো সাংগঠনিক কাঠামো গড়ে ওঠেনি সেখানে আহ্বায়ক কমিটি গঠনের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জমিয়তের সহ-সভাপতি মুফতি হামেদ জহিরী, সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা হাফিজুল্লাহসহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কাউন্সিল শেষে নবনির্বাচিত ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান। নেতারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ