শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭


বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহের মুক্তাগাছায় বেপরোয়া গতির একটি বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় আব্দুল্লাহ আল আফফান (৫) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার মনিরামবাড়ি এলাকায় আল্লামা মসজিদের সামনে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত আফফান জামালপুর জেলার শৈলাকান্দা এলাকার আকন্দ বাড়ির বাসিন্দা রোকোন উদ্দিন ও শেফালী আক্তার দম্পতির ছোট ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। তার বাবা মুক্তাগাছা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ইকুইপমেন্ট রিফাইনারি ইউনিটে কর্মরত। আফফান স্থানীয় টাঙ্গাইল কুরতুবী মাদরাসার প্রাক-প্রাথমিক (প্রি-শ্রেণি) শাখার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সমবয়সী এক শিশুর সঙ্গে খেলাধুলার একপর্যায়ে আফফান রাস্তা পার হওয়ার সময় মুক্তাগাছা শহর থেকে টাঙ্গাইলগামী দ্রুতগতির একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র ছোট সন্তানকে হারিয়ে বাবা রোকোন উদ্দিন বাকরুদ্ধ হয়ে পড়েন এবং মা শেফালী আক্তার বারবার মূর্ছা যেতে থাকেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলার ছলে দুই শিশু রাস্তা পার হচ্ছিল। একজন নিরাপদে পার হতে পারলেও আফফান ট্রাকের ধাক্কায় প্রাণ হারায়। ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ