মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮


কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কক্সবাজারের রামুতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বোটানিক্যাল গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উখিয়ার হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে উখিয়ার কোটবাজারগামী একটি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও দুই নারীকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে সকালে রুবিনা ও শাহিনা কক্সবাজার আদালতে গিয়েছিলেন। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ