নিজস্ব প্রতিবেদক
খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের উদ্যোগে আগামী ৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির মহাসম্মেলন’। যশোর সদর উপজেলার আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) প্রাঙ্গণে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন দারুল উলূম দেওবন্দের আহলে শূরার সদস্য মাওলানা হাসান মাহমুদ রাজস্থানি।
এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব ও সিনিয়র মুহাদ্দিস মুফতি কিফায়াতুল্লাহ।
সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের জাতীয়, বিভাগীয় ও স্থানীয় পর্যায়ের বিশিষ্ট আলেম-উলামা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদ।
সম্মেলনকে সফল করতে খুলনা বিভাগের সব কওমী মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং দ্বীনদার-ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ।
আয়োজকদের ভাষ্য, আকাবিরে দেওবন্দের আদর্শ, চিন্তা-চেতনা ও ইলমি ধারার সংরক্ষণ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে উলামায়ে কেরামের দিকনির্দেশনা তুলে ধরাই এ মহাসম্মেলনের মূল উদ্দেশ্য।
আইও/