বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

শরিয়াহ আইনে ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারাদেশে চলমান ক্ষোভ, বেদনা ও প্রতিবাদকে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে জনতার বিস্ফোরণ হিসেবে উল্লেখ করে শরিয়াহভিত্তিক কঠোর আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে না পারলে সমাজে নিরাপত্তা ফিরবে না।

বুধবার (২১ মে ২০২৬) রাত ১০টায় রাজধানীর পল্টন মোড় থেকে সংগঠনটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে টিএসসিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের বিচারহীনতা, রাষ্ট্রীয় ব্যর্থতা এবং দুর্বল আইনি কাঠামোর কারণে সমাজে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

নেতারা বলেন, শিশু রামিসার হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়; এটি রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা এবং বিচারহীন সংস্কৃতির ভয়াবহ প্রতিফলন। ধর্ষক ও খুনীদের প্রতি নমনীয়তা দেখিয়ে কোনো সভ্য সমাজ টিকে থাকতে পারে না বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, যে রাষ্ট্র শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং যেখানে ধর্ষকরা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে যায়, সেই কাঠামো সংস্কার ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি ধর্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং ইসলামি অনুশাসনের আলোকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

প্রধান বক্তা মুনতাছির আহমাদ বলেন, রামিসার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। দ্রুততম সময়ে ধর্ষক ও খুনিদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ রাজপথে থাকবে।

বক্তারা আরও বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত বাড়লেও কার্যকর বিচার না হওয়ায় অপরাধীরা আরও ভয়ংকর হয়ে উঠছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল সক্রিয়করণ, কঠোর আইন প্রয়োগ এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন খায়রুল আহসান মারজান, ইমরান হোসাইন নূর, সুলতান মাহমুদ, ফয়জুল ইসলাম, মুহাম্মাদ ইবরাহীম খলীল, এস এম কামরুল ইসলাম, মাইমুন ইসলাম মিঠুন, আহমাদ শাফী, ইউসুফ পিয়াস, শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, এম ইব্রাহীম নাসরুল্লাহ, মুহাম্মাদ খাইরুল কবির, তানভীর আহমেদ শোভন, সাঈদ আবরার, মুহাম্মাদ আব্দুর রহমান, বি এম মাহদী, সোহরাব হোসেন ফজলে, গাজী ফাহিমুল ইসলাম, আরিয়ান ইমন, মুহাম্মাদ মোস্তফা হোসাইন, সিফাতুল্লাহ এবং সাঈদ হাসানসহ ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ