শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৬ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭


বায়তুল মোকাররম এলাকার ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের দুই পাশের ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সম্পত্তি বিভাগের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

যদিও অভিযানের খবর পেয়ে আগেই বেশিরভাগ অস্থায়ী দোকানগুলো সরিয়ে নিয়েছেন দোকানিরা। বাকি যেসব দোকানগুলো এখনও রয়ে গেছে সেসব দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক কমিটির সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে, সায়েদাবাদের পাশাপাশি রাজধানীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে গতকাল বুধবার। মগবাজার মোড় থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি হয়ে কাকরাইল মসজিদ, মৎস্য ভবন ও আব্দুল গনি রোড হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তন এলাকা এবং বাংলামোটর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হেয়ার রোড ও শিক্ষা ভবন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, জনস্বার্থে এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিএসসিসি এই কঠোর অবস্থান গ্রহণ করেছে। অবৈধ কাউন্টারগুলো সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ