গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে তর্কবিতর্ক ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিন যুবক। ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনের মধ্যে তেল নেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ান নামে এক যুবকের সঙ্গে কয়েকজনের তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেজওয়ান ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র বের করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
এতে ঘটনাস্থলেই কাওসার, জাহিদ ও সিহাব নামে তিন যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে সিহাবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, এ ঘটনায় জড়িত একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, ফিলিং স্টেশনে তেল সংগ্রহ করতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
আরএইচ/