|| জহির উদ্দিন বাবর ||
শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী প্রায় ১৫ বছর পর বাংলাদেশ সফরে আসছেন। চলতি নভেম্বর মাসের শেষ দিকে সপ্তাহব্যাপী এ সফরে তিনি রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম ও আধ্যাত্মিক নগরী সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তাঁকে ঘিরে ইতোমধ্যে দেশের কওমি অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ দীনদার মুসলমান—সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বখ্যাত এই ইসলামি স্কলারকে একনজর দেখার, তাঁর সান্নিধ্য পাওয়ার এবং তাঁর মুখে গুরুত্বপূর্ণ নসিহত ও দিকনির্দেশনা শোনার জন্য।
অবশ্য মুফতি তাকী উসমানী এর আগেও একাধিকবার বাংলাদেশ সফর করেছেন। প্রতিবারই তাঁকে ঘিরে কওমি অঙ্গনে বিশেষ উচ্ছ্বাস ও আগ্রহ দেখা গেছে। তবে এবারের সফরটি আলাদা মাত্রা পেয়েছে প্রায় দেড় দশকের দীর্ঘ বিরতির কারণে। এর সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক বিস্তার। ফলে তাঁর সফরের খবর, কর্মসূচি ও তাঁকে ঘিরে মানুষের প্রত্যাশা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি দৃশ্যমান হয়ে উঠেছে।