আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তীতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ, মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের কমপক্ষে ১০ কর্মী আহত হয়েছেন। আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ নিয়েছেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা যুব মহাসমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে পৌঁছান। এসময় উদ্যানের ভেতরে থাকা যুবলীগের নেতাকর্মীরা তাদের ভেতরে ঢুকতে বাঁধা দেন। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাবেশস্থলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা যখন বাইরে বের হয়ে আসছিলেন তখন তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন যুবলীগের নেতা-কর্মীরা। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হন।
আহত এক ছাত্রলীগ কর্মী বলেন, দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা যখন সমাবেশস্থলে যাচ্ছিলেন তখন ভেতরে থাকা যুবলীগের নেতা-কর্মীরা ভেতরে ঢুকতে বাধা দেন। এ নিয়ে ছাত্রলীগের কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক সমাবেশস্থলে প্রবেশ করার পর ছাত্রলীগের নেতাকর্মীরা যখন বের হয়ে আসছিলেন তখন তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন যুবলীগের নেতা-কর্মীরা।
-এসআর