শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭


ইভিএম প্রকল্পে কারিগরি কমিটির সম্মতি নিল ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প প্রস্তাবের ফিজিবিলিটি স্টাডির বদলে টেকনিক্যাল কমিটির সুপারিশ গ্রহণ করল নির্বাচন কমিশন।

আগামী রোববার টেকনিক্যাল কমিটির সুপারিশসহ রিপোর্ট পরিকল্পনা কমিশনে পাঠাবে কমিশন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে টেকনিক্যাল কমিটির সদস্যরা সুপারিশসূচক স্বাক্ষরও করে গেছেন প্রকল্প প্রস্তাবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, কারিগরি কমিটির সবার সই করা পর্যবেক্ষণ রোববার পরিকল্পনা কমিশনে পাঠাতে কাজ চলছে।

পরিকল্পনা কমিশন কিছু ক্ষেত্রে ব্যয় কমানোসহ ফিজিবিলিটি স্টাডির কথা বলেছে পর্যবেক্ষণে।

তবে ইসি বলছে, যেহেতু তারা আগে থেকেই ইভিএম ব্যবহার করছে, তাই একই যন্ত্রের ওপর ফিজিবিলিটি স্টাডির প্রয়োজন নেই। এক্ষেত্রে টেকনিক্যাল কমিটির সুপারিশ নিয়েই প্রকল্প প্রস্তাবটি আবার পাঠানো হচ্ছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট করার লক্ষ্যে প্রায় দুই লাখ ইভিএম কেনা এবং রক্ষণাবেক্ষণসহ আনুষঙ্গিক ব্যয়ের লক্ষ্যে এ প্রকল্প নিচ্ছে ইসি।

অতিরিক্ত সচিব অশোক সাংবাদিকদের বলেন, দেড়শ আসনে ইভিএমে ভোট করতে গেলে ইসির কাছে এখন যে পরিমাণ ইভিএম রয়েছে, তার বাইরে আরও কিনতে হবে। টেকনিক্যাল কমিটি মোটা দাগে বলেছে, আগামী নির্বাচন করতে গেলে বেশ কিছু ইভিএম কেনা লাগবে।

ইভিএম প্রকল্প পরিচালক কর্নেল রাকিবুল হাসান বলেন, প্ল্যানিং কমিশন কিছু অবজারভেশনের মধ্যে অন্যতম ছিল টেকনিক্যাল কমিটির রিপোর্টটা সাপোর্টেড কি না।

তিনি বলেন, যেহেতু প্রকল্পের সামনে সময় কম আছে। তাই বর্তমান ইভিএমকেই আমরা রেপ্লিকেট করছি। সেজন্য টেকনিক্যাল কমিটির মতামত জরুরি। আমরা যে টেকনিক্যাল স্পেসিফেকশন দিয়েছি সেটা, সেই কাজটা আজকে করলাম। এখন গ্রিনবুকে এন্ট্রি হয়েছে।

প্রকল্প পরিচালক জানান, প্রকল্পটি এডিপিভুক্ত হয়ে গেছে। এখন অর্থ মন্ত্রণালয়ে যাবে। তারা আবার যাচাই-বাছাই করে দেখবে।

ইভিএমে ভোট করতে কমিশনের পরিকল্পনা বাস্তবায়নে প্রকল্পটি জানুয়ারির মধ্যে অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ