আওয়ার ইসলাম ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবসহ ওভার দ্য টপ (ওটিটি) মাধ্যমের জন্য নতুন নীতিমালা তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি এ নীতিমালার খসড়া তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
বিটিআরসি জানিয়েছে উচ্চ আদালত সংস্থাটিকে সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল মাধ্যম ও ওটিটি মাধ্যমের বিষয়ে একটি প্রবিধানের খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই খসড়াটি তৈরি করা হয়েছে।
খসড়ায় নীতিমালার প্রস্তাবিত নাম হচ্ছে, ‘দ্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্লাটফর্মস’ (‘ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন রেগুলেশন-২০২১’)।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্লাটফর্মগুলোর জন্য খসড়ায় যেমন অনেক নিয়মের কথা প্রস্তাব করা হয়েছে, একই সঙ্গে এসব প্লাটফর্ম ব্যবহারকারীদের জন্যও রাখা হয়েছে অনেক নিয়ম। যেমন- দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো মন্তব্য বা খবর প্রচার বা পোস্ট করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হেয় করে মন্তব্য বা কটুক্তি করা যাবে না। কোনো ধর্মের অনুসারীদের আহত করে বা আঘাত দেয়- এমন কোনো মন্তব্য বা বিষয় প্রচার করা যাবে না।
উল্লিখিত বিষয়গুলোকে ‘কমন’ বা সাধারণ ইস্যু হিসেবে খসড়ায় দেখানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী কেউ এসব পোস্ট বা প্রচার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়গুলোতে ফেসবুক, ইউটিউব কর্তৃপক্ষসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইনে বিনোদনের প্ল্যাটফর্মগুলোকেও সজাগ থাকতে হবে।
এ ছাড়া নেটফ্লিক্স, হইচই, অ্যামাজন প্রাইমসহ বিনোদনের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে অশ্লীল ও অনৈতিক কোনো কন্টেন্ট প্রচার করা যাবে না বলেও নতুন নীতিমালার খসড়ায় বলা হচ্ছে।
এ ছাড়া বাংলাদেশের সঙ্গে বন্ধু রাষ্ট্রগুলোর সম্পর্কের ক্ষতি করতে পারে- এ ধরনের মন্তব্য, খবর বা কন্টেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বা বিনোদন প্ল্যাটফর্মে প্রচার করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী কেউ এটি না মানলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
বিটিআরসি’র নীতিমালার খসড়ায় অন্যের পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাà