আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারির উচ্চ সংক্রমণের কারণে দুই দফা পেছানোর পর আগামীকাল শনিবার সিলেট-৩ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে। ইতোমধ্যে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা।
এদিকে উপনির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার। তিন উপজেলায় ভোট কেন্দ্র ১৪৯।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপি থেকে বহিষ্কৃত ও সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া। প্রতীক বরাদ্দের পর গতকাল পর্যন্ত দুই মাস ৮ দিন প্রার্থীরা এলাকায় নির্বাচনী প্রচারণা চালায়। লকডাউনের মধ্যে প্রচারণায় নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও ওই সময়েও নানা কৌশলে তারা চালিয়ে গেছেন প্রচারণা।
এদিকে নির্বাচন ঘিরে ভোটের দিন ও পূর্বাপর সব ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী ও নির্বাচন কমিশন।
সিলেট-৩ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক আঞ্চলিক জানান, বিচারবিভাগীয় কর্মকর্তাগণের সমন্বয়ে ২ সদস্য বিশিষ্টি একটি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন।
এছাড়া আসনটির ভোটগ্রহণ উপলক্ষে ৩ জন ম্যাজিস্ট্রেটও নিয়োগ দিয়েছে ইসি। তারা নির্বাচনের আগে দুইদিন, পরের দুইদিন ও নির্বাচনের দিন অর্থাৎ ২ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন।
করোনা আক্রান্ত হয়ে এ বছরের ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। এরপর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে ইসি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, গত ১৪ জুলাই এ আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে সে তারিখ পিছিয়ে ২৮ জুলাই ভোটের নতুন তারিখ দেওয়া হয়। কিন্তু সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় দ্বিতীয় দফায়ও পিছিয়ে যায় উপ-নির্বাচন।
এরপর এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে গত ৫ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বিশেষ হাইকোর্ট বেঞ্চ ১০ আগস্টের পর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ৬ সেপ্টেম্বরের মধ্যে এ আসনের ভোট নিতে হতো ইসির।
-এএ