আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে হাটের প্রস্তুতি শেষ। আজ থেকে শুরু হবে বেচাকেনা। পশুহাটে ইতোমধ্যে আসতে শুরু করেছে কোরবানির পশু। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে ট্রাকে আসছে কোরবানির পশু।
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্দেশনা মোতাবেক আজ শনিবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে পশু কেনাবেচা। গতকাল বিভিন্ন হাটের ইজাদারদের সাথে কথা বলে জানা গেছে পাইকারোা দেশের বিভিন্ন অঞ্চলের খামার থেকে পশু নিয়ে আসছেন হাটে। প্রতিটি হাটেই পাইকারদের নিরাপত্তা নিশ্চিত করে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ দিকে গতকাল শুক্রবার রাজধানীর কয়েকটি হাটে কোরবানির বেশ কিছু পশু এসেছে। তবে বেচাকেনা হয়নি। সাপ্তাহিক ছুটি দিন হওয়াতে ক্রেতা বা দর্শনার্থীরা হাটে এলেও তারা শুধু দাম দর যাচাই বাছাই করেছেন মাত্র।
বিক্রেতারা জানান, আমাদের অতীত অভিজ্ঞতায় দেখেছি কোরবানির পশু মূলত ঈদের দু’দিন আগেই বেশি হবে। সেই হিসেবে বুধবার ঈদ হলে পশু কেনাবেচা হবে সোমবার এবং মঙ্গলবার। পাইকারদের সাথে আলাপকালে তারা জানান,কোরবানির পশু ঢাকায় আনতে তাদেরকে পথে পথে যানজটের দুর্ভোগ পোহাতে হয়েছে। একটি কোরবানির পশু ঢাকায় আনতে অন্যান্য বছর যে খরচ হতো সেই তুলনায় এ বছর প্রতিটি গরু প্রতি দুই থেকে তিন হাজার টাকা বেশি খরচ হচ্ছে।
আনুষ্ঠানিকভাবে হাটে বেচাকেনা শুরু না হলেও গতকাল শুক্রবার রাজধানীর মেরুল বাড্ডার আফতাবনগরের হাটে দেখা গেছে বেশ কিছু পশু আনা হয়েছে। এই হাটের গতকালের প্রধান আকর্ষণ ছিল সবচেয়ে বড় একটি গরু। গাজীপুর থেকে আনা এই গরুটির নাম ডন। অস্ট্রেলিয়ান জাতের গরুটির বয়স প্রায় সাড়ে তিন বছর। গরুর মালিক এখলাস উদ্দিন জানান, দুই বছর আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে এক লাখ টাকায় গরুটি কিনেছিলাম। এরপর থেকে আমি গরুটি পালছি। আমার খামারে আর কোনো গরু নেই।
এনটি