আওয়ার ইসলাম ডেস্ক: রূপগঞ্জে হাসেম ফুড কারখানার আগুনে ৫২ শ্রমিকের মৃত্যুর ঘটনার তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ আদেশ দেওয়া হয়। জেলা পুলিশ সুপার জায়েদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, মামলার নথি, আলামতসহ সবকিছু তদন্তকারী কর্মকর্তা সিআইডির তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন।
সিআইডি নারায়ণগঞ্জ কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, সিআইডি থেকে আগামী শনিবার তদন্তভার গ্রহণ করা হবে। যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৮ জুলাই বিকেলে রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৮টি ইউনিট একটানা ৪৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।
আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হহুমায়ূন কবীর বাদী হয়ে কারখানামালিক আবুল হাসেম ও র চার ছেলে, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
-এএ