সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭


প্রজ্ঞাপন জারি করে মৃত চিকিৎসককে বদলি করল স্বাস্থ্য মন্ত্রণালয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বদলির এ প্রজ্ঞাপন জারি করা হয়। বগুড়ার সিভিল সার্জন গাউসুল আজিম চৌধুরী ৫৪ চিকিৎসককে বদলির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এই ৫৪ চিকিৎসকের মধ্যে ৪৩ জনকে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট করোনা বিশেষায়িত মোহাম্মদ আলী হাসপাতাল, ৮ জনকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতাল ও তিনজনকে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

বদলির নির্দেশনা-সংক্রান্ত প্রজ্ঞাপনে চিকিৎসকদের নামের তালিকার ১৫ নম্বর ক্রমিকে রয়েছেন চলতি বছরের জানুয়ারিতে করোনায় মারা যাওয়া চিকিৎসক জীবেশ কুমার প্রামাণিক। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তার বাড়ি নাটোর জেলায়। ২২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে তিনি স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়েছিলেন।

গত বছরের ১৬ নভেম্বর জীবেশ কুমার প্রামাণিকের করোনা পজিটিভ হয়। ২১ নভেম্বর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ওই দিনই তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চলতি বছরের ৬ জানুয়ারি মারা যান এই চিকিৎসক।

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক এটিএম নুরুজ্জামান বলেন, বদলি চিকিৎসকরা বুধবারের মধ্যে যোগদান করবেন বলে আশা করছি।

চিকিৎসক জীবেশ কুমার প্রামাণিকের করোনায় মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল আলম জুয়েল।

তবে বদলির তালিকায় তার নাম থাকার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তাকে মোহাম্মদ আলী হাসপাতালে বদলি করা হয়।

-gcdt


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ