আওয়ার ইসলাম ডেস্ক: নাগরিকদের ছয় মাসের খাবার নিশ্চিত করেই শাটডাউন দেয়ার পরিকল্পনা করতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘লকডাউন শেষে সরকার এখন আবার শাটডাউনের নামে নতুন খেলা শুরু করেছে। জনগণকে অন্ধকারে রাখার ষড়যন্ত্র করছে সরকার। অথচ দেশের ছয় কোটি মানুষের কর্মসংস্থান নেই। তাই আগে মানুষের ছয় মাসের খাবার নিশ্চিত করেই শাটডাউন দেওয়ার পরিকল্পনা করতে হবে।’
শুক্রবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে সোনার বাংলা পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মীরাজুল ইসলাম আব্বাসীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'ভোটাধিকার ও রাজনৈতিক দলভিত্তিক আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন' শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
মান্না বলেন, ‘আওয়ামী লীগ আর জনগণের ভোটাধিকার একসঙ্গে চলে না। যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, তার জন্য আওয়ামী লীগই দায়ী। তারা বারবার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো ভোট হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগের রাতে হয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে ২০২৩ সালের ভোট হবে দুই রাত আগে। আগে থেকেই সবকিছু ঠিক করা থাকবে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার অমানবিক ও জনবিরোধী। এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে জনগণ বিশ্বাস করে না। জনগণের প্রতি সরকারের ন্যূনতম দয়ামায়া নেই। দেশের জনগণ ধ্বংস হয়ে যাক, তাতে তাদের কিছু যায় আসে না। যে কোনো মূল্যে সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়।’
তিনি আরও বলেন, ‘সরকার টিকা নিয়ে বড় বড় কথা বলছে। অথচ সরকারের হাতে টিকা নেই। যখন চীন ও রাশিয়া বাংলাদেশে করোনার টিকার পরীক্ষা চালাতে চাইল, তখন সরকার তাতে রাজি হলো না। সরকার কিসের জন্য রাজি হয়নি, তা সবাই জানে।’
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা এখন বিপথগামী। তারা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকরা চিন্তিত। অথচ শিক্ষা প্রতিষ্ঠান খোলার নাম নেই। দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার মূলত জাতির পরবর্তী প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাদের ষড়যন্ত্রের ফলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাই এ মুহূর্তে বলতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। টিকা দেওয়ার ব্যবস্থা করুন ‘
তিনি বলেন, ‘মানুষ এখন মনে করে, এই সরকার গেলেই ভালো হয়। কোন সরকার আসবে, তা দেখার বিষয় নয়। শুধু এ সরকার চলে যাক। মানুষ চায় ভালো সরকার। তাই সরকার বদলাতে হবে।’
তিনি আরও বলেন, ‘শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে রাজপথে নামতে হবে। বৈষম্যের বিরুদ্ধে সবাইকে একই সঙ্গে লড়তে হবে। তবে তা একই প্ল্যাটফর্মে হতে হবে- এমন কোনো কথা নেই। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থাকতে পারে। মানুষকে জাগাতে হবে।’
-এএ