আওয়ার ইসলাম ডেস্ক : দেশের প্রশাসনিক কাজ-কর্মের প্রাণকেন্দ্র- সচিবালয় যে জমিতে নির্মিত হয়েছে তার মালিক ছিলেন আইনউদ্দিন হায়দার ও তার স্ত্রী ফয়জুন্নেছা। মৃত্যুর আগে এ দম্পতি সাড়ে ১২ হাজার একর জমি ওয়াকফ প্রশাসনের নামে দিয়ে যান। সে হিসেবে নথিপত্র অনুযায়ী এ জমি ওয়াকফ প্রশাসনের দখলে আছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হলো, এ জমির কিছু অংশ সরকারের নিয়ন্ত্রণে থাকলেও বেশির ভাগই রয়েছে বিভিন্ন ব্যক্তির দখলে। তারা সেগুলোয় স্থায়ী স্থাপনা গড়ে তুলেছেন।
শুধু আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেছার জমিই নয়, ওয়াকফ প্রশাসনের ৯০ শতাংশ জমিই এখন বেদখল। সম্প্রতি ওয়াকফ প্রশাসনের কার্যালয় থেকে ধর্ম মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে পাঠানো এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। সূত্র : দৈনিক আমাদের সময়
ওয়াকফ প্রশাসন কার্যালয় জানায়, দলিলপত্র অনুসারে সারা দেশে ওয়াকফ এস্টেটের সংখ্যা সাড়ে ৩ লাখ। এর মধ্যে মাত্র ২১ হাজার এস্টেট তাদের দখলে আছে। বাকি ৩ লাখ ২৯ হাজার এস্টেটই বেহাত হয়ে গেছে। হিসাব অনুসারে মোট জমির পরিমাণ ১ লাখ ৯৩ হাজার ২৪৯ একর। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ২৯৪ একর এখন বেদখল। প্রশাসনের দখলে আছে ৭০ হাজার ৯৫৫ একর জমি।
এ প্রসঙ্গে ওয়াকফ প্রশাসন কার্যালয়ের সহকারী প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ১৯৫০ সালের দিকে ওয়াকফর জমি নিয়ে তেমন খোঁজখবর নেওয়া হয়নি, তখন ওয়াকফ এস্টেটের অনেক জমি সরকার অধিগ্রহণ করে। কিন্তু ওইসব জমির কোনো ক্ষতিপূরণ ওয়াকফ প্রশাসন পায়নি। এখন যেসব জমি বেদখল হয়ে গেছে সেগুলো উদ্ধার করতে মামলা করা হয়েছে।
সূত্র জানায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং ওয়াকফ প্রশাসনের নিয়োগ করা মোতোওয়ালির সহযোগিতায় এসব জমি বেদখল হয়ে যাচ্ছে। মোতোওয়ালি স্থানীয়দের সঙ্গে আঁতাত করে সরকারের ভূমি জরিপ কার্যক্রম চলাকালে ওয়াকফ এস্টেটের জমি বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ডভুক্ত করাতে সহায়তা করেছে। এভাবে বেদখল হয়ে গেছে ওয়াকফর জমি। এসব জমির বেশিরভাগই ভুয়া কাগজপত্র দেখিয়ে দলিল করে দখল করা হয়েছে।
বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের চিঠিতে আরও উল্লেখ করা হয়, ওয়াকফ প্রশাসন একটি ধর্মীয় অনুশাসনভিত্তিক সামাজিক কল্যাণকর ও সেবামূলক স্বশাসিত সংস্থা। ১৯৪৩ সালের বেঙ্গল ওয়াকফ অ্যাক্টবলে এ সংস্থা সৃষ্টি হয়। ১৯৬২ সালের ওয়াকফ অধ্যাদেশ অনুযায়ী ওয়াকফ এস্টেটগুলোর তদারকি, নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাই এ সংস্থার মূল্য লক্ষ্য। কিন্তু দুুর্ভাগ্যের বিষয়, ওয়াকফ প্রশাসনের বেশির ভাগ জমিই এখন বেহাত হয়ে আছে। এসব জমি উদ্ধারে মামলাও চলছে। কিন্তু উদ্ধার করা যাচ্ছে না।
বাংলাদেশ ওয়াকফ প্রশাসন কার্যালয়ের প্রশাসক ও অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়া বলেন, ওয়াকফ এস্টেটের বেহাত জমি উদ্ধার করে নিজেদের