নিজস্ব প্রতিবেদক-
ইংরেজি ভাষা শিক্ষার জন্য উচ্চমানের পাঠ্যসামগ্রী ও কারিকুলাম উন্নয়নের লক্ষ্যে পূর্ণকালীন ৮ জন ইংরেজি ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মাদরাসাতুস সুন্নাহ।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইংরেজি ভাষা শিক্ষা, কারিকুলাম ডিজাইন এবং অর্থবহ শিক্ষণ উপকরণ তৈরিতে আগ্রহী ও দক্ষ ব্যক্তিদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নির্বাচিতরা এমন ইংরেজি শিক্ষাসামগ্রী তৈরিতে কাজ করবেন, যেখানে বাস্তবধর্মী ভাষা শিক্ষার সঙ্গে ইসলামী মূল্যবোধের সমন্বয় থাকবে। এসব উপকরণ মূলত প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হবে।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায়। মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা, যা প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিতদের ইংরেজি ভাষার পাঠ্যসামগ্রী, রিডিং প্যাসেজ, সংলাপ, শব্দভান্ডার, ব্যাকরণ অনুশীলন এবং যোগাযোগভিত্তিক কার্যক্রম তৈরি, বিদ্যমান উপকরণ ইসলামি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে উন্নয়ন, সম্পাদনা ও প্রুফরিডিং এবং কারিকুলাম বিশেষজ্ঞ ও সম্পাদকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
আবেদনের জন্য ইংরেজি, ইএলটি, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস, টেসল বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া ইংরেজিতে লিখিত ও মৌখিক দক্ষতা, লেখালেখি, সম্পাদনা এবং শিক্ষাসামগ্রী তৈরির সক্ষমতা থাকতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে যাদের ইংরেজি লেখার দক্ষতা ভালো, কিন্তু ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্টে অভিজ্ঞতা সীমিত, তারাও আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), কভার লেটার, শিক্ষাগত ও পেশাগত সনদের কপি এবং ৩০০ থেকে ৫০০ শব্দের একটি ইংরেজি লেখার নমুনা জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ ৭ জুলাই ২০২৬। আগ্রহীরা প্রতিষ্ঠানটির অনলাইন ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে বাছাই হওয়া প্রার্থীদেরই কেবল সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আওয়ার ইসলাম/জেডএম