নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় বাংলাদেশিসহ ১২ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
রোববার (১১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ শোক ও নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ ১২ জনের প্রাণহানির খবর তাঁদের গভীরভাবে মর্মাহত করেছে। পবিত্র ভূমি সৌদি আরবে এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তাঁরা নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
জমিয়ত নেতারা বলেন, এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে তাঁরা বলেন, দেশটির নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে তাঁরা আরও বলেন, সৌদি আরবসহ বিশ্বের যেকোনো স্থানে নিরপরাধ মানুষের ওপর হামলা ইসলামের শিক্ষা ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আইও/