যারা এতদিন নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে গিয়েছিলেন, তারা এখন এক ভিন্ন সুরে কথা বলছেন। কারণ তারা বুঝতে পারছেন, জনগণ তাদের লালকার্ড দেখাবে।
আজ শনিবার সিলেটে সমমনা ইসলামি ৮ দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশটি।
জামায়াত আমির বলেন, দেশবাসী আশা করেছিল- অতীত অপকর্মের পরিণতি থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন করে তাদের রাজনীতি শুরু করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে। তারা কোনো সংস্কারে রাজি না, সনদ বাস্তবায়নেও রাজি না। এখন আবার কোথাও কোথাও আমরা ভিন্ন সুর শুনতে পাচ্ছি।