বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ ও ক্বারী, শায়খ নেছার আহমদ। দুই যুগের বেশি সময় ধরে তিনি কুরআনের খেদমতে আত্মনিয়োগ করেছেন। ঢাকার যাত্রাবাড়ী, উত্তরা ও ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে রয়েছে তার হাফেজ গড়ার শিক্ষাপ্রতিষ্ঠান। সারা বিশ্বের বিভিন্ন কুরআন প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের হাফেজদের চ্যাম্পিয়ন করে তুলেছেন, বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন। এবার তিনি সরাসরি রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছেন। কী তার অনুপ্রেরণা, উদ্দেশ্য ও রাজনৈতিক লক্ষ্য- তা নিয়ে কথা বলেছেন আওয়ার ইসলামের বিশেষ প্রতিবেদক কাজী ইনজামামুল হক -এর সঙ্গে।
ইনজামামুল হক: আপনি কুরআনের শিক্ষা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। হঠাৎ রাজনীতিতে আগ্রহী হলেন কেন?
শায়খ নেছার আহমদ: “আপনারা জানেন যে, প্রায় দুই যুগ যাবৎ আমি পবিত্র কুরআনের খেদমত করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের হাফেজদেরকে সারাবিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করেছি। দেশের সুনাম সারাবিশ্বে তুলে ধরেছি।