বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


তাবলিগ ও নুরানি শিক্ষার লক্ষ্য আদর্শ সমাজ গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন ||

জীবনের নানা কারণে সঠিক সময়ে অনেকেই দীনের সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারেন না। শিখতে পারেন না ধর্মের মহান বাণী। বেখেয়ালে মনের খেয়াল-খুশি মতো চলেন। ভুলে বসেন আল্লাহ ও তার রাসুলের পথ। এমনসব মানুষকে দীনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অন্যতম মাধ্যম প্রচলিত দাওয়াত ও তাবলিগ। কেননা তারা ছোটবেলায় নুরানিতে গিয়ে দীনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারেননি। আল্লাহর রঙে শৈশবকে রাঙাতে পারেননি।

‘কালেমা, নামাজ, রোজা, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত ও দাওয়াতে তাবলিগ’- এ ছয়টি উসুল বা মূলনীতিকে সামনে রেখে তাবলিগ জামাত বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও প্রসারের কাজ চালিয়ে যাচ্ছে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে দীনের দাওয়াত নিয়ে গ্রাম-গঞ্জ, শহর-বন্দর, পাড়া-মহল্লায় সারা বছর ঘুরে বেড়ায়। ইসলাম প্রচারের কাজে তারা একদিকে নিজেকে পরিশুদ্ধ ও উন্নত করার জন্য, অন্যদিকে যারা বেখেয়াল তাদের ধর্মের প্রতি আহ্বান করতে মেহনত করে। ২৪ ঘণ্টা, তিন দিন, সাত দিন, একচিল্লা, সাল কিংবা জীবন চিল্লা; যার যেমন ইচ্ছা তাবলিগ জামাতে শামিল হয়ে আল্লাহর পথে বেরিয়ে পড়েন আল্লাহপ্রেমীরা। কাফেলা বেঁধে মসজিদ থেকে মসজিদে সফর করেন। লোকজনের বাড়ি বাড়ি গিয়ে সবিনয়ে আল্লাহর পথে উদাত্ত আহ্বান জানান। নামাজ কায়েমের কথা বলেন, আল্লাহর প্রেমের কথা বলেন এবং পবিত্র কুরআন তেলাওয়াত ও ধর্মীয় শিক্ষার কথা বলেন।