চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা যাত্রীদের সংকটমুক্ত করতে চাই। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করতে চাই। তাহলে অতিবৃষ্টি হলেও রেললাইন আর পানির নিচে তলিয়ে যাবে না এবং ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
তিনি জানান, এ প্রকল্পটি বর্তমানে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, তিনি জলাবদ্ধ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে আছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আপাতত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, পানি না কমা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। যেসব যাত্রী আগাম টিকিট কেটেছেন, তারা প্রচলিত নিয়ম অনুযায়ী টিকিটের অর্থ ফেরত পাবেন। বৃষ্টি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় এ রুটে ট্রেন চলাচল শুরু হবে।
টানা ভারী বৃষ্টিতে ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় বুধবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
আওয়ার ইসলাম/জেডএম
