দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিকে ‘মধ্যযুগীয়’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনসাধারণের আবেগ-অনুভূতির সঙ্গে উপহাস করেছেন বলে মন্তব্য করেছেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকার পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর থানা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন নগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।
বক্তব্যে অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডে দেশ যখন শোকাহত এবং বিচারহীনতায় নাগরিক সমাজ ক্ষুব্ধ, তখন দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিকে ‘আমরা মধ্যযুগে নেই’ বলে উড়িয়ে দেওয়া জনগণের অনুভূতির প্রতি অবজ্ঞা। তিনি এ বক্তব্য ও আচরণের নিন্দা জানান।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল, তা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা আরও ভয়ংকর হয়ে উঠছে। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও অনেক ক্ষেত্রে বিচার হচ্ছে না, এমনকি অপরাধ প্রমাণিত হওয়ার পরও বছরের পর বছর শাস্তি কার্যকর হচ্ছে না। এতে জনগণের মধ্যে বিদ্যমান আইন ও বিচারব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ রামিসাসহ নারী ও শিশু হত্যার সব মামলা দ্রুত নিষ্পত্তি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সভায় আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দল মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ বলেন, ঐতিহ্যবাহী ঢাকা বর্তমানে বসবাসের অনুপযোগী শহরে পরিণত হয়েছে। নির্বাচিত হলে রাজধানীকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।
এদিকে শুক্রবার বাদ জুমা একই স্থানে মতিঝিল থানা শাখা-র উদ্যোগে তৃণমূল সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, ঢাকাকে যানজট, দূষণ, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে আন্দোলন অব্যাহত রাখতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আলতাফ হোসেন, এমএইচ মোস্তফা, আলহাজ্ব আনোয়ার হোসেনসহ নগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরএইচ/