মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মুক্তিযুদ্ধে পুলিশের অনন্য অবদান রয়েছে: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অনন্য অবদান রয়েছে। শুধু মুক্তিযুদ্ধেই নয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণেও পুলিশের রয়েছে ঈর্ষণীয় সাফল্য।

আজ বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ অডিটরিয়ামে সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক হাশেম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ, সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সহধর্মিণী সেলিনা খালেক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক মুহাম্মদ তালেবুর রহমান।

অনুষ্ঠানে সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের কন্যা সামিনা খালেক ও জামাতা সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অতিরিক্ত আইজিগণ, স্বনামধন্য চিত্রশিল্পীবৃন্দ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর নানাভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎপরতায় মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এরই একটি অনন্য প্রচেষ্টা বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন।’

তিনি বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য বিভিন্ন স্মারক সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছি। যে কেউ আমাদের এ সংগ্রহশালায় স্বাধীনতা যুদ্ধের নির্ভরযোগ্য তথ্য দিতে পারেন।’

সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের নামে আর্ট গ্যালারির নামকরণের পটভূমি উল্লেখ করে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘তিনি সেসময় পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন। সেখান থেকে দেশমাতৃকার স্বাধীনতার জন্য নিজের আরাম-আয়েশ তুচ্ছ করে, পরিবার বিপদগ্রস্ত হতে পারে জেনেও ভারতে গিয়ে সক্রিয়ভাবে স্বাধীনতা যুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার পরিবার ওই সময় অনেক কষ্ট করে জাতির জন্য ত্যাগ শিকার করেছেন।’

মুখ্য আলোচক অধ্যাপক হাশেম খান বলেন, ‘শুধুমাত্র “থ্রি নট থ্রি” রাইফেল দিয়ে বাঙালি পুলিশ সদস্যরা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তান বাহিনীকে রুখে দিয়েছিলেন। মর্টার, ট্যাংক ও সাঁজোয়া যানে সজ্জিত পাকিস্তানি বাহিনী ভাবতে পারেনি “থ্রি নট থ্রি” রাইফেল দিয়ে তাদের মোকাবিলা করা হবে।’

সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারি উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি জাতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে আর্ট গ্যালারির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘বিশ্বে বিভিন্ন ভাষা আছে। আর্টেরও একটি বৈশ্বিক ভাষা আছে। এটি একটি চিরায়ত মাধ্যম, সার্বজনীন মাধ্যম। সমাজ ও সংস্কৃতি বাঁচাতেও পুলিশের ভূমিকা আছে। কারণ পুলিশ সমাজেরই অংশ।’

সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারিতে ৬১টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। দেশব্যাপী এক উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এ চিত্রকর্ম নির্বাচন করা হয়েছে।

এর আগে আইজিপি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অতিথিগণ গ্যালারির বিভিন্ন অংশ এবং চিত্রকর্ম ঘুরে দেখেন।

অনুষ্ঠানে চিত্রকর্ম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ