আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রখ্যাত আলেম ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানীর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা খবরের মধ্যে তাঁর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি এখন বিপদমুক্ত রয়েছেন। তবে শারীরিক দুর্বলতা এখনো কাটেনি।
সম্প্রতি জমিয়তে উলামায়ে পাঞ্জাবের সভাপতি মাওলানা মুফতি মুহাম্মদ খলিল কাসেমীর নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল নয়াদিল্লিতে জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মাওলানা আরশাদ মাদানীর সঙ্গে সাক্ষাৎ ও তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেয়।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, তাদের সাক্ষাৎ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আরশাদ মাদানীর কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সেগুলোর প্রতিবেদনও সন্তোষজনক এসেছে। তবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে।
এদিকে শারীরিক দুর্বলতার কারণে কয়েক দিন ধরে দারুল উলুম দেওবন্দে তাঁর হাদিসের দরস বন্ধ রয়েছে। তাঁর অনুপস্থিতিতে তিরমিজি শরিফের দরস দিচ্ছেন বাহরুল উলুম খ্যাত মাওলানা নেয়ামতুল্লাহ আজমি।
এ অবস্থায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে অযাচাইকৃত তথ্য ছড়িয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানীর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মুসলিম উম্মাহর কাছে বিশেষ দোয়া কামনা করা হয়েছে।
সূত্র: ইউএনএ নিউজ
আইও/